এক ধাক্কায় ৬৮ লাখ ভোটার উধাও গুজরাতে! নাম বাদ গেল লাক্ষাদ্বীপ ও পুদুচেরিতেও

নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনের (SIR) পর সামনে এল এক চাঞ্চল্যকর পরিসংখ্যান। নতুন ভোটার তালিকা অনুযায়ী, গুজরাতসহ কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ও পুদুচেরিতে ভোটার সংখ্যায় বড়সড় রদবদল ঘটেছে। সবথেকে অবাক করার মতো তথ্য উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত থেকে, যেখানে এক লহমায় বাদ পড়েছেন ৬৮ লক্ষেরও বেশি ভোটার।
নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, গুজরাতে এখন মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫ জন। তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় সেখান থেকে মোট ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। একইভাবে তালিকায় কাটছাঁট হয়েছে দক্ষিণের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতেও। পুদুচেরিতে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ৭৭ হাজার ৩৬৭ জন এবং লাক্ষাদ্বীপে নাম কাটা গিয়েছে ২০৬ জনের।
কমিশন সূত্রে খবর, ভোটার তালিকায় স্বচ্ছতা আনতেই এই নিবিড় সংশোধন প্রক্রিয়া চালানো হয়েছে। ভুয়া ভোটার চিহ্নিত করা, মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া এবং বাসস্থানের পরিবর্তনের কারণেই তালিকায় এই বিশাল পরিবর্তন দেখা দিয়েছে। তবে ভোটের আগে এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনা রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।