অ্যাকসেঞ্চারে পদোন্নতির চাবিকাঠি এখন এআই: ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পর কড়া বার্তা
অ্যাকসেঞ্চার কর্তৃপক্ষ সম্প্রতি তাদের সিনিয়র কর্মীদের জন্য পদোন্নতির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের শর্ত বাধ্যতামূলক করেছে। সংস্থার ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে অ্যাসোসিয়েট ডিরেক্টর ও সিনিয়র ম্যানেজারদের কাজের মূল্যায়ন এবং পদোন্নতি নির্ভর করবে দৈনন্দিন কাজে তারা কতটা দক্ষভাবে এআই টুল ব্যবহার করছেন তার ওপর।
সংস্থার সিইও জুলি সুইট ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ জানিয়েছেন যে, কো ম্পা নিগুলি তাদের দীর্ঘদিনের কার্যপদ্ধতি পুনর্নবীকরণের লক্ষ্যে এআই-তে বিনিয়োগ করছে। যারা এই প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে পারবে না, তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। মূলত উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কাজের প্রক্রিয়াকে আধুনিক করার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
অ্যাকসেঞ্চার ছাড়াও মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজনের মতো বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থাগুলিও একই পথে হাঁটছে। মাইক্রোসফট সিইও সত্য নাদেলা এবং গুগলের সুন্দর পিচাই ইতিপূর্বেই কর্মীদের এআই ব্যবহারে অভ্যস্ত হওয়ার বিষয়ে সতর্ক করেছেন। বর্তমানে আইটি সেক্টরে টিকে থাকতে এবং পদোন্নতি নিশ্চিত করতে এআই দক্ষতা অর্জন করা পেশাদারদের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।