নিজেই কি ডন সাজবেন ফারহান? রণবীর সিংকে নিয়ে ঘনীভূত বিতর্ক

বলিউডের বহুল চর্চিত চলচ্চিত্র ‘ডন ৩’ নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি এই প্রজেক্ট থেকে রণবীর সিং সরে দাঁড়ানোর পর থেকেই নানা গুঞ্জন ডালপালা মেলছে। শোনা যাচ্ছে, ছবির ভবিষ্যৎ অনিশ্চয়তা থেকে বাঁচাতে পরিচালক ফারহান আখতার নিজেই এবার ‘ডন’ চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিতে পারেন। তবে বিষয়টি এখনো গুঞ্জন স্তরেই সীমাবদ্ধ রয়েছে।
রণবীর সিং ও ফারহান আখতারের মধ্যে বর্তমানে চরম তিক্ততা চলছে বলে খবর। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে আনফলো করেছেন এবং ব্যক্তিগত দূরত্ব বজায় রাখছেন। এর আগে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের স্থলাভিষিক্ত হিসেবে রণবীরকে দর্শকরা কতটা গ্রহণ করবেন, তা নিয়ে বিতর্ক ছিল। এখন ফারহান নিজে অভিনয়ে নামলে তা কতটা সফল হবে, সেই প্রশ্নও উঠছে।
অন্যদিকে, শাহরুখ খান বা হৃতিক রোশনের এই প্রজেক্টে যুক্ত হওয়ার খবর আগেই নাকচ করা হয়েছে। শাহরুখের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফারহানের সাথে এই বিষয়ে কোনো যোগাযোগ হয়নি। একইভাবে হৃতিকও তার অভিনয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এই টানাপোড়েনের মাঝে ‘ডন ৩’-এর চূড়ান্ত কাস্টিং নিয়ে বিটাউনে ধোঁয়াশা অব্যাহত রয়েছে।