মেগা টুর্নামেন্ট দেখতে আর বাধা নেই, ভারতে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বড় ঘোষণার ইঙ্গিত!

মেগা টুর্নামেন্ট দেখতে আর বাধা নেই, ভারতে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বড় ঘোষণার ইঙ্গিত!

ভারতে কি শেষ পর্যন্ত দেখা যাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ? গত কয়েক মাস ধরে চলা কোটি কোটি টাকার নজিরবিহীন সম্প্রচার জট কেটে অবশেষে আশার আলো দেখা যাচ্ছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণের এক সাম্প্রতিক দাবিতে ভারতীয় ফুটবলপ্রেমীদের মনে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই ভারতে বিশ্বকাপ সম্প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, দীর্ঘ দর কষাকষির পালা শেষ এবং ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া জটিলতা এখন অতীত।

টাকার অঙ্ক ও আসাময়ের জেরেই তৈরি হয়েছিল জটিলতা

মূলত বিপুল অর্থের অঙ্ক এবং ম্যাচের সময়সূচি নিয়েই এই অচলাবস্থা তৈরি হয়েছিল। ফিফা প্রথমে ভারতের সম্প্রচার স্বত্বের জন্য প্রায় ১০ কোটি ডলার দাবি করেছিল। তবে ক্রিকেট ও আইপিএলে বিপুল বিনিয়োগের পর ভারতীয় কোনো বড় সংস্থা এই বিশাল অঙ্কে আগ্রহ দেখায়নি। পরবর্তীতে ফিফা দর কমিয়ে সাড়ে ৩ কোটি ডলারে নামালেও আলোচনা এগোয়নি। উপরন্তু, মেগা টুর্নামেন্টটি উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হওয়ার কারণে ভারতের স্থানীয় সময় অনুযায়ী ম্যাচগুলো গভীর রাত বা ভোরে সম্প্রচারিত হবে। এই আসাময়ের জন্য কাঙ্ক্ষিত দর্শকসংখ্যা এবং বিজ্ঞাপন পাওয়া যাবে কি না, তা নিয়ে বড়সড় সংশয়ে ছিলেন সম্প্রচারকারীরা।

আদালতের হস্তক্ষেপ ও সম্ভাব্য প্রভাব

সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতা এতটাই রূপ নেয় যে বিষয়টি দেশের উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। দেশের ফুটবলপ্রেমীরা যাতে বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত না হন, সেজন্য দিল্লি হাই কোর্টে একটি মামলা দায়ের করা হয়। আদালত এই বিষয়ে কেন্দ্র সরকার ও প্রসার ভারতীকে নোটিস পাঠালেও সরকারি সম্প্রচারকারী সংস্থা জানিয়ে দেয়, বিশ্বকাপের স্বত্ব কেনা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। ফলে বিনামূল্যে খেলা দেখার সুযোগও প্রায় বন্ধ হয়ে আসছিল।

তবে সাজি প্রভাকরণের দাবি সত্যি হলে, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ৪৮ দেশের এই ঐতিহাসিক মেগা টুর্নামেন্ট দেখার পথ সুগম হবে। এর ফলে ভারতীয় ক্রীড়াবাজারে ফুটবলের বাণিজ্যিক প্রসার বজায় থাকবে এবং কোটি কোটি দর্শক টেলিভিশনের পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। এখন কেবল আগামী সপ্তাহের চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *