ভবানীপুর ধরে রেখে নন্দীগ্রাম ত্যাগ, মুখ্যমন্ত্রী হলেও ঘরের ছেলে হয়েই থাকবেন শুভেন্দু

ভবানীপুর ধরে রেখে নন্দীগ্রাম ত্যাগ, মুখ্যমন্ত্রী হলেও ঘরের ছেলে হয়েই থাকবেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকেই জয়ী হন তিনি। তবে সাংবিধানিক নিয়ম মেনে নন্দীগ্রাম আসনটি ছেড়ে ভবানীপুরের জয়ী প্রার্থী হিসেবে বিধানসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই আবহে নন্দীগ্রামের ভোটার ও দলীয় সমর্থকদের আশ্বস্ত করতে রবিবার সেখানে এক রাজনৈতিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম ছাড়লেও সেখানকার মানুষের সঙ্গে তাঁর আত্মিক যোগ এবং শিকড় যে বিচ্ছিন্ন হবে না, সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছেন তিনি।

নন্দীগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা ও রাজনৈতিক বার্তা

এদিনের সভায় শুভেন্দু অধিকারী ২০০৩ সাল থেকে শুরু করে তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন লড়াইয়ে নন্দীগ্রামের মানুষের অবদানের কথা স্মরণ করেন। ২০২১ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার ঘটনাকে নিজের রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে উল্লেখ করে তিনি জানান, নন্দীগ্রামের মানুষই তাঁকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছেন। ভবানীপুর কেন্দ্র ধরে রাখার বিষয়ে দলের সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল নেত্রীকে তাঁর নিজের বুথ ও ফিরহাদ হাকিমের পাড়াতেও ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছে বিজেপি। নন্দীগ্রাম আসনটি ছাড়ার কারণে আগামী দিনে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ফলতা বিধানসভার মতো নন্দীগ্রামের উপনির্বাচনেও বিজেপি প্রার্থীকে বিপুল ব্যবধানে জেতানোর জন্য স্থানীয় মানুষের কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী।

উন্নয়নের প্রতিশ্রুতি ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান

মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি পরিবর্তনের রূপরেখা তৈরি করাই এখন তাঁর প্রধান লক্ষ্য বলে জানান শুভেন্দু অধিকারী। বিগত বামফ্রন্ট ও তৃণমূল সরকারের আমলের সমালোচনা করে তিনি স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন। হাসপাতালগুলিতে রেফার রোগ বন্ধ করা, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করার বিষয়ে জোর দেন তিনি। এর পাশাপাশি রাজ্যের বিদায়ী সরকারের আমলের দুর্নীতির বিরুদ্ধে আইনি পথে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে জানান, আইন অনুযায়ী দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। নন্দীগ্রামের আসামাপ্ত উন্নয়নমূলক কাজ ও রেল প্রকল্পের গতি বাড়ানোর আশ্বাস দিয়ে তিনি স্পষ্ট করেন, বড় দায়িত্ব পেলেও এলাকার মানুষের প্রয়োজনে তিনি সবসময় পাশে থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *