তিন সপ্তাহ রোজ পাকা আম খেলেই বদলে যাবে শরীর!

গ্রীষ্মের দাবদাহের মাঝেই বাজারে এখন দেদার বিকোচ্ছে নানা জাতের আম। বাঙালির খাদ্যতালিকায় সকাল থেকে রাত— পাতের পাশে এখন পাকাপাকি জায়গা করে নিয়েছে পাকা আম। তবে কেবল স্বাদে অতুলনীয় বলেই নয়, পুষ্টিগুণেও ভরপুর এই ফল। ক্যালোরি, কার্বোহাইড্রেট, ফাইবার, পটাশিয়ামের পাশাপাশি এতে রয়েছে ভিটামিন সি, এ এবং ই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টানা তিন সপ্তাহ যদি নিয়ম মেনে নির্দিষ্ট পরিমাণে পাকা আম খাওয়া যায়, তবে শরীরের ভেতরে ও বাইরে এক আমূল পরিবর্তন চোখে পড়তে বাধ্য।
ত্বকের উজ্জ্বলতা ও হজমশক্তির ম্যাজিক
পাকা আমে থাকা প্রাকৃতিক কার্বোহাইড্রেট শরীরে ভরপুর এনার্জি জোগায়। এর উচ্চ ফাইবার উপাদান হজমক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। নিয়মিত আম খাওয়ার ফলে মিষ্টি খাওয়ার প্রতি তীব্র ইচ্ছা বা ‘সুগার ক্রেভিং’ অনেকটাই কমে আসে। ফলে জীবনধারা থেকে কৃত্রিম চিনি ও কোমল পানীয় বাদ দেওয়া সহজ হয়, যা সরাসরি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। দ্বিতীয় সপ্তাহ নাগাদ আমে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে শুরু করে। আম শরীরকে ভেতর থেকে এতটাই হাইড্রেট করে যে, তার ইতিবাচক প্রভাব স্পষ্ট প্রতিফলিত হয় চেহারায়।
রোগ প্রতিরোধ ও কোলাজেন বৃদ্ধি
টানা তিন সপ্তাহ আম খাওয়ার ফলে এর মধ্যকার বিবিধ ভিটামিন শরীরের সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে। বিশেষ করে আমে থাকা ভিটামিন সি ত্বকে কোলাজেন তৈরিতে সাহায্য করে। ফলে যাদের দেহে স্বাভাবিকভাবে কোলাজেন উৎপাদনের পরিমাণ সীমিত, তাদের ক্ষেত্রে ত্বক সতেজ ও টানটান রাখতে এটি মহৌষধ হিসেবে কাজ করে। তবে আম খাওয়ার পাশাপাশি পাতে ডিম, দুধ বা বাদামের মতো পর্যাপ্ত প্রোটিন ও ফ্যাট রেখে একটি ‘ব্যালেন্সড ডায়েট’ তৈরি করা জরুরি।
অতিরিক্ত খাওয়ার নেতিবাচক প্রভাব
কোনো খাবারেই যেমন ম্যাজিক নেই, আমের ক্ষেত্রেও বিষয়টি সত্যি। মাত্রাতিরিক্ত আম খেলে উপকারের চেয়ে অপকার হওয়ার ব্যবস্থাপনাই বেশি থাকে। অতিরিক্ত ক্যালোরি ও শর্করার কারণে এটি শরীরের ওজন বা সুগারের মাত্রায় প্রভাব ফেলতে পারে। এছাড়া অনেকের পাকা আমে অ্যালার্জি থাকে এবং আমের বৃন্ত থেকে নিঃসৃত কষ ত্বকে লাগলে ঘা বা সংক্রমণ হতে পারে। তাই সবদিক খতিয়ে দেখে, সঠিক পরিমাণ বজায় রেখে আম খেলে তবেই এর সম্পূর্ণ সুফল পাওয়া সম্ভব।