আবারও বিশ্বমঞ্চ কাঁপাতে চলেছেন রাজামৌলি, প্রিয়াঙ্কা ও মহেশ বাবুর নাচের জাদুতে ফিরছে অস্কারজয়ী নাটু নাটুর উন্মাদনা

অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানের সেই অবিশ্বাস্য সাফল্যের কথা ভারতবাসীর স্মৃতিতে আজও অমলিন। রামচরণ ও জুনিয়র এনটিআরের সেই নাচের ছন্দ বিশ্বমঞ্চে ভারতকে অনন্য সম্মান এনে দিয়েছিল। পরিচালক এস এস রাজামৌলির সিনেমা মানেই দর্শকদের মনে তৈরি হয় বিশেষ এক প্রত্যাশা। সেই প্রত্যাশার পারদ আরও বাড়িয়ে দিয়ে এবার নিজের নতুন চলচ্চিত্র ‘বারাণসী’-তে এক ধামাকেদার নাচের দৃশ্য রাখতে চলেছেন এই মাস্টারমেকার।
রাজামৌলির এই নতুন প্রজেক্টে জুটি বাঁধছেন বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া এবং দক্ষিণি সুপারস্টার মহেশ বাবু। ছবির কোরিওগ্রাফার শংকর জানিয়েছেন, এই বিশেষ নাচের দৃশ্যটি ল্যাটিন স্টাইলে পরিকল্পনা করা হয়েছে। যা দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা হতে চলেছে। প্রিয়াঙ্কা এবং মহেশ বাবু ইতিমধ্যেই এই কঠিন নাচের দৃশ্যের জন্য জোরকদমে মহড়া শুরু করে দিয়েছেন।
ছবির টিম সূত্রে জানা গেছে, বারাণসী সিনেমার শুটিংয়ের জন্য খুব শীঘ্রই আন্টার্কটিকার উদ্দেশ্যে রওনা দেবেন কলাকুশলীরা। সেখানে গুরুত্বপূর্ণ কিছু অংশের কাজ শেষ করেই এই বিশেষ নাচের দৃশ্যটির চিত্রায়ন করা হবে। বড় পর্দায় প্রিয়াঙ্কা ও মহেশের এই রসায়ন দেখার জন্য এখন থেকেই মুখিয়ে আছেন অনুরাগীরা। সব ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাজামৌলির এই বহু প্রতীক্ষিত সিনেমাটি।