ইরান যুদ্ধের প্রথম সপ্তাহেই আমেরিকার খরচ ১ লক্ষ কোটি টাকা, নতুন তহবিলের পথে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা সংঘর্ষের প্রথম সপ্তাহেই বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে মার্কিন প্রশাসন। গত মঙ্গলবার এক রুদ্ধদ্বার বৈঠকে জানা গিয়েছে, যুদ্ধের প্রথম সাত দিনেই আমেরিকার ব্যয় হয়েছে প্রায় ১,১৩০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় ১ লক্ষ কোটি টাকারও বেশি। ব্যয়ের খতিয়ান নিয়ে চাপের মুখে পড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই জরুরি বৈঠকের সিদ্ধান্ত নেয়।
যুদ্ধ চালিয়ে যেতে অতিরিক্ত অর্থের প্রয়োজনে মার্কিন কংগ্রেসে শীঘ্রই একটি বিশেষ আবেদন জানাতে পারে হোয়াইট হাউস। ওয়াকিবহাল মহলের অনুমান, ট্রাম্প প্রশাসন প্রায় ৫,০০০ কোটি ডলারের একটি নতুন প্রতিরক্ষা তহবিল গঠনের প্রস্তাব দিতে পারে। তবে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় এই অর্থের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে টানা দেড় সপ্তাহ ধরে এই সংঘাত চলছে। যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২,০০০ মানুষের প্রাণহানি হয়েছে বলে জানা গিয়েছে, যাদের অধিকাংশ তেহরান ও লেবাননের বাসিন্দা। বর্তমানে যুদ্ধের ব্যয়ভার সামলাতে এবং সামরিক তৎপরতা বজায় রাখতে কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে মার্কিন প্রশাসন।