ইরান যুদ্ধে ১ লক্ষ কোটি টাকা ওড়ালো আমেরিকা, বিশাল অঙ্কের তহবিল গড়ছেন ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার সংঘাতের আবহে আকাশছোঁয়া খরচের মুখে পড়েছে ওয়াশিংটন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের প্রথম সপ্তাহেই আমেরিকার ব্যয় হয়েছে প্রায় ১১৩০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় ১ লক্ষ কোটি টাকারও বেশি। বিপুল এই ব্যয়ের খতিয়ান নিয়ে গত মঙ্গলবার মার্কিন প্রশাসনে এক জরুরি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যয়ের সঠিক হিসাব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি হচ্ছিল। এর প্রেক্ষিতেই মঙ্গলবারের বৈঠকে খরচের প্রাথমিক খতিয়ান খতিয়ে দেখা হয়। যদিও এই হিসাবে সম্পূর্ণ খরচের বিবরণ এখনও অস্পষ্ট। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরানে সামরিক অভিযান অব্যাহত রাখতে এবং অতিরিক্ত অর্থের সংস্থান করতে মার্কিন কংগ্রেসে একটি বিশেষ তহবিল গঠনের আবেদন জানাতে পারে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস প্রায় ৫০০০ কোটি ডলারের একটি বিশাল তহবিলের প্রস্তাব দিতে পারে বলে মনে করা হচ্ছে, তবে পরিস্থিতিভেদে এই অঙ্ক আরও বাড়তে পারে।
উল্লেখ্য, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় গত দেড় সপ্তাহে ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত ২০০০ মানুষ। যাঁদের মধ্যে অধিকাংশ তেহরান ও লেবাননের বাসিন্দা। যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এই আর্থিক ও মানবিক ক্ষতির পরিমাণ কোন পর্যায়ে পৌঁছায়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।