বিধায়ক সৌমেন মহাপাত্রের নিরাপত্তা প্রত্যাহার, বিধানসভা ভোটের আগে তুঙ্গে রাজনৈতিক জল্পনা

বিধায়ক সৌমেন মহাপাত্রের নিরাপত্তা প্রত্যাহার, বিধানসভা ভোটের আগে তুঙ্গে রাজনৈতিক জল্পনা

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বর্ষীয়ান তৃণমূল বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের নিরাপত্তা সরিয়ে নিল প্রশাসন। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তাঁর দীর্ঘদিনের নিরাপত্তারক্ষীদের প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে এই আকস্মিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।

নিরাপত্তা প্রত্যাহারের বিষয়ে বিধায়ক নিজে বিস্ময় প্রকাশ করেছেন। সৌমেনবাবু জানান, কেন তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হলো তা তাঁর জানা নেই; তবে বিষয়টি তিনি দলকে জানিয়েছেন এবং আগামী ১২ মার্চ সাংবাদিকদের সামনে বিস্তারিত বলবেন। গত এক বছর ধরে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়া এবং একাধিক গুরুত্বপূর্ণ পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে আগে থেকেই গুঞ্জন ছিল।

দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে প্রচারের আড়ালে থাকা এই দাপুটে নেতার নিরাপত্তা চলে যাওয়ায় নতুন সমীকরণ তৈরি হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তমলুক কেন্দ্র থেকে তিনি পুনরায় তৃণমূলের টিকিট পাবেন কি না, তা নিয়ে এখন জোর চর্চা চলছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *