রাজ্যে বিধানসভা ভিত্তিক রিটার্নিং অফিসার নিয়োগ, ১৬ মার্চ কি ভোটের দিনক্ষণ ঘোষণা?

রাজ্যে বিধানসভা ভিত্তিক রিটার্নিং অফিসার নিয়োগ, ১৬ মার্চ কি ভোটের দিনক্ষণ ঘোষণা?

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের প্রতিটি কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতায় এসেই ন্যূনতম এসডিও পদমর্যাদার আধিকারিকদের এই পদে নিয়োগের বিষয়ে জোর দিয়েছিলেন। সেই মোতাবেক এবার ডিএমডিসি পদমর্যাদার পরিবর্তে সিনিয়র আধিকারিকদেরই দায়িত্ব দেওয়া হয়েছে।

রিটার্নিং অফিসার নিয়োগ সম্পন্ন হওয়ায় রাজনৈতিক মহলে ভোট ঘোষণার দিনক্ষণ নিয়ে জল্পনা তুঙ্গে। আগে রাষ্ট্রপতি শাসন বা এসআইআর-এর কারণে ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও, কমিশন স্পষ্ট করেছে যে বাংলাসহ পাঁচ রাজ্যের নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত। ১৬ মার্চ সোমবার পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরির নির্বাচনের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার।

প্রাথমিক আভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গে এবার দুই দফায় ভোট গ্রহণ হতে পারে। ১৬ মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হলে, এপ্রিল মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে প্রথম দফার ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন কোনো বিশেষ পরিবর্তন না করলে এপ্রিল মাসের মধ্যেই সমগ্র ভোট প্রক্রিয়া এবং ফলাফল ঘোষণা সম্পন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *