১ এপ্রিল থেকে আয়কর ব্যবস্থায় বড় পরিবর্তন, কার্যকর হচ্ছে ৭টি নতুন নিয়ম

আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে দেশজুড়ে নতুন আয়কর আইন কার্যকর হতে চলেছে, যা ১৯৬১ সালের পুরনো আইনকে প্রতিস্থাপন করবে। কেন্দ্রীয় বাজেটের এই সংশোধনীতে আয়কর স্ল্যাব অপরিবর্তিত থাকলেও করদাতাদের সুবিধার্থে রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে নন-অডিট করদাতারা ৩১ আগস্ট পর্যন্ত আইটিআর ফাইল করতে পারবেন এবং সংশোধিত রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে ৩১ মার্চ পর্যন্ত।
ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে টিসিএস (TCS) হারে উল্লেখযোগ্য রদবদল আনা হয়েছে। অ্যালকোহল, স্ক্র্যাপ ও কয়লা বিক্রিতে করের হার বাড়িয়ে ২ শতাংশ করা হলেও তেন্ডু পাতায় তা কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। স্বস্তির খবর হলো, বিদেশ ভ্রমণ, শিক্ষা ও চিকিৎসার জন্য বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে টিসিএস ৫ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য নিয়ম কিছুটা কঠোর হচ্ছে। ফিউচার ও অপশন ট্রেডিংয়ে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (STT) বৃদ্ধি পাওয়ায় লেনদেনের খরচ বাড়বে। এছাড়া, শেয়ার বাইব্যাক থেকে প্রাপ্ত আয় এখন ডিভিডেন্ডের বদলে ‘ক্যাপিটাল গেইন’ হিসেবে গণ্য হবে এবং ডিভিডেন্ড আয়ের ক্ষেত্রে সুদের খরচে আর কোনও কর ছাড় পাওয়া যাবে না। করদাতাদের এই নতুন নিয়মের সাথে সামঞ্জস্য রেখে আর্থিক পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।