ছেলেধরা গুজবে মা-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা: ৯ বছর পর ২৫ জন দোষী সাব্যস্ত

২০১৭ সালে হুগলির বলাগড় থানার আসানপুর গ্রামে ছেলেধরা গুজবে এক অধ্যাপকের স্ত্রী ও কন্যাকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় ২৫ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। পরিচারিকার খোঁজে গ্রামে যাওয়া ওই পরিবারটির ওপর চড়াও হয়ে উত্তেজিত জনতা তাঁদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই বর্বরোচিত হামলায় মা, মেয়ে এবং তাঁদের গাড়িচালক গুরুতর জখম হয়েছিলেন।
ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে যাওয়া পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের ওপরও সশস্ত্র হামলা চালায় গ্রামবাসীরা। তীরের আঘাতে একজন সিভিক ভলান্টিয়ারসহ মোট ১১ জন পুলিশকর্মী আহত হন। পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ২০১৭ সালেই চার্জশিট পেশ করেছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ২৭ জন সাক্ষীর বয়ান গ্রহণ করে আদালত।
বৃহস্পতিবার চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক পীযূষকান্তি রায় অভিযুক্ত ২৫ জনকেই দোষী সাব্যস্ত করেন, যাদের মধ্যে ৫ জন মহিলা রয়েছেন। সরকারি আইনজীবীর মতে, এটি একটি যুগান্তকারী রায় যা সমাজে কঠোর বার্তা দেবে। দোষীদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে, যার সাজা ঘোষণা হবে শুক্রবার।