২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে গড়িমসি নবান্নের! এবার সরাসরি সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা

মহার্ঘভাতা বা ডিএ মামলায় ফের চরম অস্বস্তিতে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মেটানো হয়নি, এই অভিযোগে শীর্ষ আদালতে মামলা দায়ের করল সংগ্রামী যৌথ মঞ্চ। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্যকে এবার নতুন আইনি লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে।
গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল যে, ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র এক-চতুর্থাংশ মিটিয়ে দিতে হবে। পাশাপাশি ১৫ মে-র মধ্যে সম্পূর্ণ বকেয়া পরিশোধের জন্য কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছিল। এই নির্দেশের আওতায় বর্তমান কর্মীদের পাশাপাশি ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে অবসর নেওয়া কর্মীরাও রয়েছেন।
সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের দাবি, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে আদালতের রায় কার্যকর করছে না। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, নির্দেশ পালন না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে। রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও কেন্দ্রীয় হারে ডিএ-র সঙ্গে রাজ্যের ব্যবধান এখনও ৩৬ শতাংশ। বকেয়া আদায়ে অনড় রাজ্য সরকারি কর্মচারীরা এবার সুপ্রিম কোর্টের মাধ্যমেই নবান্নের ওপর চাপ বাড়াতে চাইছেন।