বকেয়া ডিএ: সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) পরিশোধ না করার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করল সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের দাবি, শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ এখনও মেটানো হয়নি। গত ৫ ফেব্রুয়ারি আদালত নির্দেশ দিয়েছিল যে, ৩১ মার্চের মধ্যে বকেয়া খাতের এক-চতুর্থাংশ অবশ্যই পরিশোধ করতে হবে।
আদালতের ওই নির্দেশে ২০১৯ সালের পর অবসর নেওয়া কর্মীদের ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। পাশাপাশি, ১৫ মে-র মধ্যে সম্পূর্ণ বকেয়া মেটাতে একটি কমিটি গঠনের নির্দেশও ছিল। তবে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশ কার্যকর করার কোনও দৃশ্যমান উদ্যোগ বা সদিচ্ছা দেখা যাচ্ছে না।
বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ২২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, যা কেন্দ্রীয় হারের তুলনায় ৩৬ শতাংশ কম। বকেয়া আদায়ে আইনি লড়াইয়ের পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন কর্মচারী সংগঠনের নেতারা। রাজ্য বাজেট ঘোষণার পর ব্যবধান কিছুটা কমলেও, প্রাপ্য অধিকার বুঝে পেতে এবার বিচারবিভাগের হস্তক্ষেপকেই হাতিয়ার করল সংগ্রামী যৌথ মঞ্চ।