বিজেপিতে যোগ দিতেই প্রাক্তন এনএসজি কমান্ডোর পুরনো মোদি-বিরোধী পোস্ট ভাইরাল

প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী মহাসমারোহে বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিতর্কের মুখে পড়েছেন। গেরুয়া শিবিরের আদি কর্মীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পুরনো একাধিক মোদি-বিরোধী পোস্ট ও ব্যঙ্গচিত্র ফাঁস করে দিয়েছেন। এই ঘটনায় দলের অন্দরেই ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, দীপাঞ্জন অতীতে নরেন্দ্র মোদি ও অমিত শাহসহ কেন্দ্রীয় সরকারকে লক্ষ্য করে লাগাতার কটূক্তি করেছেন। এমনকি জেত প্লাস নিরাপত্তা এবং ধর্মীয় ইস্যুতেও তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করেছিলেন। আদি বিজেপি কর্মীদের দাবি, বাংলায় না থেকেও তিনি বিভিন্ন সময় রাজ্য ও দলের সংস্কৃতির বিরুদ্ধে কুৎসা করেছেন।
বর্তমানে বঙ্গ বিজেপির পুরনো কর্মীরা এই সমস্ত ভাইরাল পোস্ট তৃণমূল শিবিরের কাছেও পৌঁছে দিচ্ছেন। দলবদলু এই নেতার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা সরব হয়েছেন। ভোটের মুখে সুযোগসন্ধানী হিসেবে তাঁকে চিহ্নিত করে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন দলেরই একাংশ।