তৃণমূল কার্যালয় থেকে সাদা থান ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের অভিযোগ, ছড়াল তীব্র উত্তেজনা

তৃণমূল কার্যালয় থেকে সাদা থান ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের অভিযোগ, ছড়াল তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত বীরভূমের রাজনীতি। এবার বোলপুরের কঙ্কালীতলা এলাকার একটি তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে থরে থরে সাদা থান কাপড় এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বিজেপির অভিযোগ, নির্বাচনের পর এলাকায় বড়সড় হিংসা ছড়ানোর লক্ষ্যেই এই সমস্ত সামগ্রী আগে থেকে মজুত করে রাখা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কঙ্কালীতলা এলাকার ওই তৃণমূল কার্যালয়টি ভোটের ফল প্রকাশের দিন থেকেই বন্ধ ছিল। আজ, রবিবার বিজেপি কর্মীরা এলাকার দলীয় কার্যালয়টি খুলতেই ভেতরে এই বিস্ফোরক পরিস্থিতি সামনে আসে। ঘরের ভেতর থেকে উদ্ধার হয় সার দিয়ে সাজানো সাদা থান কাপড়, বোমা তৈরির সুতলি দড়ি, পাথর ও গানপাউডার বা বোমার মশলা। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন।

বিজেপি নেতৃত্বের দাবি, তাদের কর্মীদের ভয় দেখানোর জন্য এবং ফল-পরবর্তী হিংসা ছড়াতেই এই সাদা থান কাপড় মজুত করা হয়েছিল। দলীয় কর্মীদের বাড়িতে এই থান কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার ছক কষেছিল শাসকদল, এমনটাই অভিযোগ পদ্ম শিবিরের।

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতৃত্বের পালটা দাবি, নির্বাচনের পর থেকেই তাদের ওই কার্যালয়টি বন্ধ ছিল। এলাকাকে অশান্ত করতে এবং তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতে বিজেপি কর্মীরাই চক্রান্ত করে রাতের অন্ধকারে এই সমস্ত জিনিস সেখানে রেখে এসেছে।

পুলিশ ইতিমধ্যেই উদ্ধার হওয়া সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ওই এলাকায় নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায়, তার জন্য পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *