আর্থিক প্যাকেজ থেকে টেক্সটাইল হাব, দিল্লির বৈঠকে বাংলার জন্য একগুচ্ছ ‘বিশেষ’ পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই শিল্পায়নের লক্ষ্যে বাংলায় একের পর এক পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছে কেন্দ্র। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দীর্ঘ বৈঠকে বাংলার অর্থনৈতিক রূপরেখা ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি মিলেছে। রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ চূড়ান্ত করতে আগামী মাসেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাংলায় যাবেন বলে জানা গেছে।
প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও নদীয়ায় টেক্সটাইল হাব
বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যের তাঁত শিল্প নিয়ে আলাদাভাবে খোঁজ নেন এবং নদীয়ায় একটি ‘টেক্সটাইল হাব’ তৈরির ব্যাপারে নিজে উদ্যোগ নেওয়ার কথা জানান। এর পাশাপাশি বাংলার প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। অশোকনগর ও রানাঘাট থেকে তেল উত্তোলন, ঝাড়গ্রামের ম্যাঙ্গানিজ এবং পুরুলিয়ার রেয়ার আর্থ ও মিনারেল কাজে লাগিয়ে রাজ্যে বিপুল কর্মসংস্থান ও এফডিআই (FDI) আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। শমীক ভট্টাচার্য জানান, রাজ্যে পরিকাঠামো রয়েছে এবং জমির জট কাটাতে রাজ্য সরকার ইতিমধ্যেই জমি নীতিতে পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে।
মন্ত্রিসভা গঠন ও আর্থিক ঘাটতি মোকাবিলা
পূর্বতন সরকারের আমলের আর্থিক ঋণের বোঝা ও ঘাটতি মোকাবিলা নিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং শনিবার নির্মলা সীতারামনের সঙ্গে শমীক ভট্টাচার্যের বিস্তারিত আলোচনা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগামী মাসে বঙ্গ সফরে এসে রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে জরুরি বৈঠক করবেন। বিজেপি সূত্রে দাবি, এই সফরের আগেই, সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে রাজ্যে নবীন-প্রবীণের ভারসাম্য বজায় রেখে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করবেন মুখ্যমন্ত্রী। সোমবার দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনসল রাজ্যে এসে এই বিষয়ে বৈঠক করবেন। শমীকবাবু জানান, আর্থিক ঘাটতি থাকলেও আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে এবং যাবতীয় প্রতিশ্রুতি পূরণ করা হবে।