উজ্জ্বলা যোজনায় ভর্তুকি কমানোর সিদ্ধান্ত, কেন্দ্রের বিরুদ্ধে তোপ রাহুল গান্ধীর!

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের বার্ষিক সংখ্যা ৯টি থেকে কমিয়ে ৪টিতে নামিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার। একই সময়ে গত তিন মাসে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৮৯ টাকা বৃদ্ধি পেয়েছে। এই সিদ্ধান্তের পরই লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মোদী সরকারের অর্থনৈতিক ও বিদেশ নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
সাবসিবডি কমানোর সরকারি যুক্তি
সরকারি তথ্যানুসারে, এই পরিবর্তনের মূল কারণ হিসেবে গৃহস্থালির গড় গ্যাস ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হয়েছে। পশ্চিম এশিয়ার চলমান সংকটের ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং এলপিজির দামে যে অস্থিরতা দেখা দিয়েছে, তার প্রভাব পড়েছে ভারতের বাজারেও। সরকার দাবি করেছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির নিরিখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পে শুরুতে ১২টি সিলিন্ডারে ভর্তুকি মিলত, যা পরে ধাপে ধাপে কমিয়ে ৯টি এবং বর্তমানে ৪টিতে নিয়ে আসা হয়েছে। সরকারের এই পদক্ষেপের উদ্দেশ্য মূলত ভর্তুকির বোঝা কমানো।
রাহুল গান্ধীর নিশানায় মোদী সরকার
এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে রাহুল গান্ধী দাবি করেছেন যে, বিগত বছরগুলোর জনবিরোধী অর্থনৈতিক নীতি ও বিদেশ নীতির কারণে দেশের গরিব পরিবারগুলো চরম সংকটের মুখে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ করেছেন, ভর্তুকি কমিয়ে ও সিলিন্ডারের দাম বাড়িয়ে সাধারণ মানুষের রান্নাঘরের বাজেট কঠিন করে তোলা হয়েছে। গরিবদের জন্য ভর্তুকি কমানোর বিপরীতে ধনকুবেরদের ঋণ মকুব করার অভিযোগ তুলে তিনি একে ‘লুটের মোদী মডেল’ বলে অভিহিত করেছেন। তার মতে, এই অর্থনৈতিক অব্যবস্থাপনার বোঝা মূলত কৃষক, শ্রমিক, মহিলা এবং মধ্যবিত্তদেরই বইতে হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, ৫ কেজি ওজনের সিলিন্ডারের দাম ৩২৩ টাকা বাড়ানোর ফলে অভিবাসী শ্রমিকদের জীবনযাত্রার ওপরও বড় ধরনের প্রভাব পড়বে।