ভিড়ের ঠেলাঠেলি নাপছন্দ? আপনার অপেক্ষায় কালিম্পংয়ের নিরিবিলি স্বর্গ ‘সান্তুক’
/indian-express-bangla/media/media_files/2026/02/10/kalim-2026-02-10-16-09-47.jpg?w=640&resize=640,360&ssl=1)
ছুটি পেলেই যদি দীঘা-পুরী কিংবা দার্জিলিংয়ের চেনা ভিড় আর চিল চিৎকার থেকে দূরে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করে, তবে আপনার জন্য আদর্শ ঠিকানা হতে পারে কালিম্পংয়ের এক ছোট্ট, অচেনা পাহাড়ি গ্রাম— সান্তুক। রেয়িং এবং পায়ুং, এই দুটি পাহাড়ি নদীর একেবারে মাঝখানে কোলে লুকিয়ে থাকা এই গ্রামটি এখনও পর্যটকদের ডেস্টিনেশন ডায়েরিতে সেভাবে জায়গা করে নেয়নি। ফলে প্রকৃতির আদিম ও শান্ত রূপটি এখানে এখনও একেবারে অক্ষত।
চারদিকে পাইন গাছের ঘন সবুজ জঙ্গল, আর তার বুক চিরে ঠিক সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা। সান্তুকের যেকোনো কোণ থেকে তাকালেই এই অপরূপ দৃশ্য দেখতে কোনো দূরবীন লাগে না, খালি চোখেই মন জুড়িয়ে যায়। শহুরে কোলাহল থেকে সম্পূর্ণ দূরে, প্রকৃতির নিস্তব্ধতা যেখানে নিজের ভাষায় কথা বলে, সেখানে কাশবনের মরশুম হোক বা মেঘ-রোদ্দুরের খেলা— মন ভালো হতে বাধ্য।
সামনে একটা ছোট্ট উইকএন্ড বা হাতে মাত্র ২ থেকে ৪ দিনের ছুটি থাকলেই ব্যাগ গুছিয়ে অনায়াসে এই শান্ত গ্রামে কটা দিন কাটিয়ে আসা যায়। পাহাড়ি মানুষের সরল আতিথেয়তা, হোমস্টের ঘরের তৈরি গরম খাবার আর কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্যোদয়— আপনার যান্ত্রিক জীবনের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে সাফ করে দেবে। চেনা ছকের বাইরে গিয়ে উত্তরবঙ্গের এক্কেবারে এক নতুন অফবিট রূপের স্বাদ নিতে এবার আপনার ভ্রমণের তালিকায় জুড়ে নিন কালিম্পংয়ের এই সান্তুক গ্রামকে।