অভিষেককে আটকাতে প্রটিয়াদের স্পিন-ছক, সুপার এইটের আগে বিশেষ প্রস্তুতি

সুপার এইটের মহারণের আগে ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে প্যাভিলিয়নে ফেরাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। টানা ব্যর্থতা সত্ত্বেও অভিষেককে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন প্রটিয়া মেন্টর অ্যালবি মর্কেল। শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলনের সময় অভিষেকের দুর্বলতা কাজে লাগাতে নির্দিষ্ট লেন্থে বল করার বিশেষ পরিকল্পনা সাজাতে দেখা গেছে দক্ষিণ আফ্রিকান শিবিরকে।
বাঁহাতি ব্যাটারদের দাপট রুখতে এইডেন মার্করাম ও কেশব মহারাজরা একনাগাড়ে অফস্পিন অনুশীলন চালিয়েছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গুড লেন্থ বলে অভিষেকের আউট হওয়ার ঘটনাকে হাতিয়ার করেই এই রণকৌশল সাজানো হয়েছে। উল্লেখ্য, শেষ আটটি টি-টোয়েন্টি ইনিংসের মধ্যে পাঁচবারই শূন্যরানে আউট হয়েছেন এই মারকুটে ওপেনার, যা দলের দুশ্চিন্তা বাড়িয়েছে।
পরিসংখ্যান বলছে, চলতি টুর্নামেন্টে স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের স্ট্রাইক-রেট ও গড় রান আশাব্যঞ্জক নয়। বিশেষ করে মাঝের ওভারগুলোতে ভারতীয় টপ-অর্ডারের স্পিনভীতি কাজে লাগিয়ে ম্যাচে আধিপত্য বিস্তার করতে চাইছে প্রোটিয়ারা। তিলক বর্মা ও শিবম দুবেদের মতো বাঁহাতিদের আটকাতেও দক্ষিণ আফ্রিকার এই স্পিন-অস্ত্র রবিবাসরীয় ম্যাচে বড় ভূমিকা নিতে পারে।