ইডেন ম্যাচে কেকেআরের কঠিন পরীক্ষা, প্লে অফের জটিল অঙ্কে নাইট শিবির

ইডেন ম্যাচে কেকেআরের কঠিন পরীক্ষা, প্লে অফের জটিল অঙ্কে নাইট শিবির

পাঞ্জাব কিংসের বড় ব্যবধানে জয় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্লে অফে ওঠার পথকে চরম জটিল করে তুলেছে। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট এবং +০.৩০৯ নেট রান রেট নিয়ে পাঞ্জাব বর্তমানে টেবিলের চার নম্বরে উঠে এসেছে। ফলে রবিবার দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে ঘরের দর্শকদের সমর্থন পেলেও কেকেআরকে শুধু জিতলেই হবে না, মিলতে হবে এক অলৌকিক সমীকরণ। এর ওপর আবার ফিল্ডিংয়ের সময় মারাত্মক চোট পেয়ে দল থেকে অঙ্গকৃষ রঘুবংশী ছিটকে যাওয়ায় অধিনায়ক অজিঙ্কা রাহানেদের সমস্যা আরও বহুগুণ বেড়ে গিয়েছে।

প্লে অফের কঠিন সমীকরণ

কেকেআরের সামনে এখন প্লে অফের টিকিট পাওয়ার অঙ্কটা অত্যন্ত কঠিন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে টসের ওপর অনেক কিছু নির্ভর করছে। কলকাতা যদি প্রথমে ব্যাট করে, তবে দিল্লিকে অন্তত ৭৭ রানে হারাতে হবে। অন্যদিকে, পরে ব্যাট করলে দিল্লি যে রানই লক্ষ্য হিসেবে দিক না কেন, রিঙ্কু সিংদের সেই রান মাত্র ১২.১ ওভার বা ৭৩ বলের মধ্যে তুলে নিতে হবে। যেমন, দিল্লি যদি প্রথমে ব্যাট করে ১৬০ রান তোলে, তবে কেকেআরকে ৭৩ বলে সেই রান তাড়া করে জিততে হবে। তবেই তাদের নেট রান রেট পাঞ্জাবের চেয়ে বেশি হবে এবং সমান পয়েন্ট হলেও কেকেআর শেষ চারে জায়গা করে নিতে পারবে।

নির্ভর করতে হবে রাজস্থানের হারের ওপর

শুধু নিজেদের বড় ব্যবধানে জিতলেই হবে না, নাইটদের তাকিয়ে থাকতে হবে রবিবার বিকেলের অন্য ম্যাচের দিকেও। সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশীর রাজস্থান যদি মুম্বইকে হারিয়ে দেয়, তবে তারা ১৬ পয়েন্ট নিয়ে সরাসরি প্লে অফে চলে যাবে। সেক্ষেত্রে কেকেআর এবং পাঞ্জাব— দুই দলই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। অর্থাৎ, কেকেআরের ভাগ্য এখন নিজেদের বড় জয়ের পাশাপাশি রাজস্থানের হারের ওপরও সম্পূর্ণ নির্ভরশীল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *