কারা টিকবে প্রিমিয়ার লিগে, আজ রাতে ফুটবল বিশ্বের চোখ টেবিলের তলানির মহানাটকে

কারা টিকবে প্রিমিয়ার লিগে, আজ রাতে ফুটবল বিশ্বের চোখ টেবিলের তলানির মহানাটকে

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপার নিষ্পত্তি আগেই হয়ে গেছে, তবে লিগের শেষ দিনে আসল উত্তেজনা এখন টেবিলের একেবারে তলানিতে। একসময় ইউরোপের মঞ্চ কাঁপানো টটেনহ্যাম হটস্পার নাকি ঐতিহ্যবাহী ওয়েস্ট হ্যাম ইউনাইটেড—আজ রাতে নির্ধারিত হবে কোন দল নেমে যাবে দ্বিতীয় ডিভিশন তথা চ্যাম্পিয়নশিপে। ইতিমধ্যে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও বার্নলির অবনমন নিশ্চিত হওয়ায় বাকি থাকা একটিমাত্র এড়ানোর লড়াইয়ে মুখোমুখি লন্ডনের এই দুই ক্লাব। ৩৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম ১৭ নম্বরে এবং ৩৬ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম রয়েছে ১৮ নম্বর অবস্থানে।

টটেনহ্যামের হাতের মুঠোয় ভাগ্য

অবনমন এড়ানোর সমীকরণে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার। শেষ ম্যাচে এভার্টনের মুখোমুখি হচ্ছে তারা। এই ম্যাচে জয় পেলেই কোনো রকম জটিলতা ছাড়াই প্রিমিয়ার লিগে টিকে যাবে স্পার্সরা। এমনকি ম্যাচটি ড্র হলেও রিচার্লিসন-ম্যাডিসনদের অবনমনের আশঙ্কা নেই বললেই চলে। কারণ ড্রয়ের ক্ষেত্রে ওয়েস্ট হ্যাম যদি নিজেদের ম্যাচে জিতেও যায়, তাহলেও গোল পার্থক্যের বিশাল ব্যবধান টটেনহ্যামকে নিরাপদ রাখবে। তবে এভার্টনের কাছে টটেনহ্যাম হেরে গেলে এবং অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম জয়ী হলে সব সমীকরণ উল্টে যাবে। তখন গোল পার্থক্যে পিছিয়ে থেকে দ্বিতীয় ডিভিশনে নেমে যেতে হবে উত্তর লন্ডনের এই ক্লাবটিকে।

ওয়েস্ট হ্যামের সামনে অলৌকিক সমীকরণ

অবনমন থেকে বাঁচতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সামনে সমীকরণটি অত্যন্ত জটিল ও কঠিন। নিজেদের শেষ ম্যাচে লিডস ইউনাইটেডকে হারানোর পাশাপাশি তাদের চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে টটেনহ্যামের ম্যাচের দিকে। ওয়েস্ট হ্যাম জিতলেও টটেনহ্যাম যদি নিজেদের ম্যাচে জয় পায়, তবে হ্যামারদের অবনমন নিশ্চিত। অন্যদিকে, টটেনহ্যাম যদি ড্র করে তবে ওয়েস্ট হ্যামকে লিডসের বিরুদ্ধে অলৌকিক ব্যবধানে জিততে হবে। দুই দলের বর্তমান গোল পার্থক্য ১২ (টটেনহ্যাম -১০, ওয়েস্ট হ্যাম -২২)। ফলে ড্রয়ের সুবিধা নিতে হলে ওয়েস্ট হ্যামকে নিজেদের ম্যাচটি অন্তত ১২ গোলের ব্যবধানে জিততে হবে, যা আধুনিক ফুটবলে প্রায় আসাম্ভব।

অবনমনের কারণ ও সম্ভাব্য প্রভাব

পুরো মরসুম জুড়ে ধারাবাহিকতার অভাব, রক্ষণভাগের ভঙ্গুর দশা এবং গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট হারানোর মাশুল দিতে হচ্ছে এই দুই প্রতিষ্ঠিত ক্লাবকে। আজ রাতের ফুটবল নাটকীয়তায় যেকোনো একটি বড় দলের বিদায় প্রিমিয়ার লিগের কাঠামোতেই বড় ধাক্কা দেবে। অবনমন ঘটলে ক্লাব দুটি শুধু কোটি কোটি টাকার সম্প্রচার স্বত্ব ও স্পনসরশিপই হারাবে না, বরং দলের তারকা ফুটবলারদের ধরে রাখাও তাদের জন্য কঠিন হয়ে পড়বে। প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী সব ম্যাচ একই সময়ে শুরু হওয়ায় প্রতি মুহূর্তের গোল বদলে দিতে পারে দুই মাঠের ভাগ্য। ইউরোপের শীর্ষ ফুটবলে টিকে থাকার এই অন্তিম লড়াইয়ে শেষ পর্যন্ত কার মুখে হাসি ফোটে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *