আপনার প্রস্রাব কি স্বাভাবিক? এই লক্ষণগুলি হতে পারে কিডনি বিকল হওয়ার সংকেত

দেহের ছাঁকনি হিসেবে পরিচিত কিডনি অকেজো হওয়ার আগে শরীর কিছু বিশেষ সংকেত দেয়। প্রস্রাবের রং গাঢ় হওয়া, অতিরিক্ত ফেনা হওয়া বা প্রস্রাবে রক্তপাত ‘হেমাচুরিয়া’ ও ‘অ্যালবুমিনুরিয়া’র মতো মারাত্মক সমস্যার লক্ষণ হতে পারে। এছাড়া কারণ ছাড়াই ওজন কমে যাওয়া, ক্লান্তি, ঘন ঘন জ্বর বা অরুচি দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কিডনির পাথর বা সংক্রমণ প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে বড় জটিলতা এড়ানো সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা অনিয়ন্ত্রিত জীবনযাপন কিডনি ক্যানসার ও পাথর তৈরির ঝুঁকি বাড়িয়ে দেয়। সুস্থ থাকতে পর্যাপ্ত জল পান ও খাবারে লবণের পরিমাণ কমানোর পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে প্রস্রাবে জ্বালাপোড়া বা পিঠের নিচে ব্যথা অনুভব করলে অবহেলা করা উচিত নয়। সঠিক সময়ে সঠিক পরীক্ষা এবং সচেতনতাই পারে আপনার কিডনিকে দীর্ঘকাল সচল ও সুস্থ রাখতে।