সাবধান! ঘাড়ের কালো দাগ কেবল ময়লা নয় বরং এটি বড় কোনো রোগের অশনি সংকেত

জীবনযাত্রার পরিবর্তন ও অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে শিশুদের মধ্যে স্থূলতা এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, মোবাইল ও টিভি আসক্ত যেসকল শিশুদের ঘাড়ে কালো বা মোটা দাগ রয়েছে, তাদের বড় একটি অংশই ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসে আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞানে একে ‘অ্যাকান্থোসিস নিগ্রিক্যানস’ বলা হয়, যা সাধারণ সাবান বা ক্লিনজারে পরিষ্কার হয় না। এটি মূলত শরীরে অতিরিক্ত ইনসুলিন তৈরির লক্ষণ, যা ভবিষ্যতে বড় ধরণের শারীরিক জটিলতা তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অলস জীবনযাপন ও কায়িক পরিশ্রমের অভাবেই শিশুদের শরীরে এমন পরিবর্তন আসছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে জঙ্ক ফুড এড়িয়ে চলা এবং প্রতিদিন অন্তত এক ঘণ্টা বাইরে খেলাধুলা বা শরীরচর্চা করা জরুরি। যদি কোনো শিশুর ঘাড় বা বগলে এমন অস্বাভাবিক কালো দাগ দেখা দেয়, তবে সেটিকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সঠিক সময়ে সচেতনতা এবং সক্রিয় জীবনযাত্রাই পারে পরবর্তী প্রজন্মের এই স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে।