ভিন্নধর্মে প্রেমের বিরোধিতায় চরম প্রতিশোধ, চুপিসারে বিদেশ থেকে ফিরে মাকে নৃশংসভাবে খুন করল ছেলে

হরিয়ানার যমুনানগর জেলায় ভিনজাতের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মাকে খুনের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক গোমিত রাঠিকে পড়াশোনার অছিলায় বিদেশে পাঠিয়ে দেওয়া হলেও তার মনে ক্ষোভ জমা ছিল। গত ১৮ ডিসেম্বর গোপনে দেশে ফিরে বাড়ির গোয়ালে লুকিয়ে থাকে সে। এরপর ২৪ ডিসেম্বর রাতে সুযোগ বুঝে মা বলজিন্দর কৌরকে মারধর করে খুন করার পর দেহটি লুকোতে বাড়ির জলের ট্যাঙ্কে ফেলে দেয়। এই অপরাধে তাকে সহায়তা করে তার বন্ধু পঙ্কজ।
প্রাথমিকভাবে একে সাধারণ মৃত্যু মনে করা হলেও ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করলে মোবাইল টাওয়ার লোকেশন ও কল রেকর্ডের মাধ্যমে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। পুলিশি জেরায় উঠে এসেছে যে সম্পর্কের বিরোধিতার কারণেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে গোমিত। পুলিশ সুপার জানিয়েছেন যে বিশেষ তদন্তকারী দল ঘটনার পুনর্নির্মাণ করেছে এবং অভিযুক্তকে আটক করে খুনের অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সহযোগীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।