নিপা আতঙ্ক: কেন্দ্র-রাজ্য তরজা

রাজ্যে নিপা ভাইরাসের থাবা এবং চারজনের আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। জনস্বাস্থ্যের এই সংকট মোকাবিলায় সমন্বয়ের বদলে কেন্দ্র ও রাজ্য সরকার একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাতে ব্যস্ত।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, নিপা ভাইরাসের মতো ভয়াবহ পরিস্থিতি সামলাতে রাজ্য সরকারের উচিত অবিলম্বে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে গাইডলাইন মেনে চলা। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার অনেক ক্ষেত্রেই কেন্দ্রীয় সহযোগিতা নিতে অনীহা প্রকাশ করে।
অন্যদিকে, এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি পালটা আক্রমণ করে বলেন, স্বাস্থ্য পরিষেবা নিয়ে কেন্দ্রের কাছ থেকে বাংলার নতুন করে কিছু শেখার নেই। বরং করোনা মহামারীর সময় নির্বাচনী স্বার্থে দফায় দফায় ভোট করিয়ে বিজেপি সরকারই সংক্রমণ ছড়িয়েছিল বলে তিনি মন্তব্য করেন। চিকিৎসকদের মতে, রাজনৈতিক তরজার চেয়ে এখন ভাইরাসের উৎস চিহ্নিত করা এবং সংক্রমণ রোধ করাই বেশি জরুরি।