‘কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়’: দেব

‘কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়’: দেব

কলকাতা: ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সশরীরে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরলেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। শুনানি (SIR) শেষে বেরিয়ে তিনি জানান, নির্বাচন মানুষের কাছে একটি উৎসবের মতো। তাই একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে।

সাংসদ এদিন বিশেষ করে প্রবীণ ও অসুস্থ ভোটারদের সমস্যার দিকে নির্বাচন কমিশনের নজর আকর্ষণ করেন। দেব বলেন, “আমাকে এই শুনানির জন্য ডাকার পর থেকে অনেকেই ফোন করে তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। অনেক বৃদ্ধ ও অসুস্থ মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সত্তর-আশি ঊর্ধ্ব নাগরিকদের জন্য এই প্রক্রিয়া আরও সহজ ও যন্ত্রণামুক্ত হওয়া প্রয়োজন।”

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি আরও বলেন যে, তরুণ প্রজন্মের নাগরিকদের জন্য এই প্রক্রিয়া খুব একটা কঠিন না হলেও, প্রবীণদের কথা ভেবে কমিশনকে কিছুটা ‘রিলিফ’ বা ছাড় দেওয়ার কথা ভাবতে হবে। মূলত ভোটার তালিকায় নাম থাকা বা সংশোধনের ক্ষেত্রে সাধারণ মানুষের মনে যে ভয় বা অনীহা রয়েছে, তা দূর করার পক্ষেও সওয়াল করেন এই তারকা সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *