ব্যস্ত সকালে বিবি গাঙ্গুলি স্ট্রিটে ভয়াবহ আগুন, পুড়ল একাধিক আসবাবের দোকান
January 14, 20267:13 pm

শহর কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। জনবসতিপূর্ণ এলাকার একাধিক আসবাবের দোকানে আগুন লাগায় চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে এলেও এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি। আগুনের তীব্রতায় পাশের বহুতলগুলোতে আতঙ্ক ছড়ালে দ্রুত প্লাইউড ও কাঠের সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়। ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ রাস্তা নিয়ন্ত্রণ করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।