রাজকোটে রাহুলের বিধ্বংসী সেঞ্চুরি, কিউয়িদের সামনে পাহাড়প্রমাণ লক্ষ্য!
রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন কে এল রাহুল। টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারে নেমে খেললেন ১১২ রানের অপরাজিত এক অনবদ্য ইনিংস। এটি রাহুলের ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম শতরান। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন শুভমন গিল, যাঁর ব্যাট থেকে এল টানা দ্বিতীয় অর্ধশতরান। অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি দ্রুত ফিরলেও ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলতে সক্ষম হয়।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। ভারতীয় দলে এদিন একটি পরিবর্তন করা হয়েছে; ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার নীতীশ রেড্ডি। গিলের ধারাবাহিকতা এবং রাহুলের সেঞ্চুরিতে ভর করে ভারত কিউয়িদের সামনে চ্যালেঞ্জিং টার্গেট খাড়া করেছে। এখন দেখার, রাজকোটের পিচে বোলাররা এই রান ধরে রেখে সিরিজ নিজেদের পকেটে পুরতে পারেন কি না।