২০২৬-এর শুরুতেই মিলবে টানা ছুটির সুযোগ, রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর

২০২৬ সালের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারী এবং স্কুল-কলেজ পড়ুয়াদের জন্য একগুচ্ছ ছুটির ডালি সাজিয়ে দিয়েছে ক্যালেন্ডার। জানুয়ারি মাসেই পাওয়া যাচ্ছে দুটি ‘লং উইকেন্ড’। ১২ই জানুয়ারি সোমবার বিবেকানন্দ জয়ন্তী হওয়ায় শনিবার ও রবিবার মিলিয়ে থাকছে টানা ৩ দিনের ছুটি। অন্যদিকে, ২২ থেকে ২৬শে জানুয়ারির মধ্যে সরস্বতী পুজো, নেতাজি জয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস মিলিয়ে ৫ দিনের লম্বা বিরতির সুযোগ তৈরি হচ্ছে। বছরের শুরুতেই এমন ধারাবাহিক ছুটিতে খুশি আমজনতা।
ছুটির আমেজ বজায় থাকবে মার্চ মাসেও। দোলযাত্রা ও হোলি উপলক্ষে ৩ ও ৪ঠা মার্চ (মঙ্গলবার ও বুধবার) সরকারি ছুটি। তার আগের শনি ও রবিবার ছুটির দিন হওয়ায় মাঝখানের সোমবার অর্থাৎ ২রা মার্চ ব্যক্তিগত ছুটি বা ‘সিএল’ নিলে অনায়াসেই টানা ৫ দিনের বড় ছুটি উপভোগ করা যাবে। শীতের আমেজ থাকতে থাকতে বা বসন্তের শুরুতে যারা সপরিবারে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ২০২৬ সালের এই প্রথম ত্রৈমাসিক হতে চলেছে অত্যন্ত উৎসবমুখর।