রেলের থালিতে শুধু হালাল মাংস কেন! শিখদের আপত্তিতে নড়েচড়ে বসল মানবাধিকার কমিশন

ভারতীয় রেলের খাবারে কেন শুধু ‘হালাল’ শংসাপত্রপ্রাপ্ত মাংস দেওয়া হবে, সেই প্রশ্নে এবার রেলওয়ে বোর্ড ও এফএসএসএআই-কে নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। শিখ সংগঠনগুলোর আপত্তির ভিত্তিতে কমিশন জানিয়েছে, গ্রাহককে না জানিয়ে নির্দিষ্ট ধর্মীয় রীতির খাবার দেওয়া নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। শিখ ধর্মমতে হালাল মাংস নিষিদ্ধ হওয়ায় এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো জানান, খাবারের স্টলে মাংসের ধরন অর্থাৎ সেটি ‘হালাল’ নাকি ‘ঝটকা’, তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এতে ভোক্তারা নিজেদের বিশ্বাস অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়া আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, সব ধরনের বিকল্প থাকা জরুরি। কমিশনের এই হস্তক্ষেপের পর রেলওয়ে তাদের দীর্ঘদিনের ক্যাটারিং নীতিতে কোনো বড় পরিবর্তন আনে কি না, এখন সেটাই দেখার।