বিএলও স্বামীর হাত থেকেই শুনানির নোটিস, কাটোয়ায় তুঙ্গে স্বামী ও স্ত্রীর বিবাদ

কাটোয়ার কেতুগ্রাম বিধানসভার ১৬৫ নম্বর বুথের বিএলও দেবশংকর চট্টোপাধ্যায় এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। পেশায় শিক্ষক দেবশংকরবাবু নিজের বুথের ভোটারদের ভোটার তালিকায় ত্রুটি সংশোধনের জন্য শুনানির নোটিস বিলি করছিলেন। বিপত্তি বাঁধে যখন দেখা যায়, তালিকায় ত্রুটির কারণে খোদ তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের নামও শুনানির জন্য নথিভুক্ত হয়েছে। নিজের হাতেই স্ত্রীর হাতে সরকারি নোটিস ধরিয়ে দেওয়ায় চরম ক্ষোভের মুখে পড়েছেন এই বিএলও।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অনিন্দিতাদেবীর বাবার সঙ্গে তাঁর বয়সের অসংগতি পাওয়ায় এই নোটিস পাঠানো হয়েছে। তবে শুধু স্ত্রী নন, খোদ দেবশংকরবাবু এবং এলাকার আরও বহু ভোটার একই হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ। বুধবার বিডিও অফিসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে শুনানির পর দম্পতির মধ্যে উত্তেজনা আরও বাড়ে। সরকারি কাজের গেরোয় পড়ে দাম্পত্য কলহ চরমে ওঠায় বর্তমানে দিশেহারা কাটোয়ার এই শিক্ষক দম্পতি।