জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যুতে সিঙ্গাপুর পুলিশের বড় তথ্য ফাঁস, উত্তাল নেটপাড়া

বিখ্যাত গায়ক জুবিন গর্গের মৃত্যু নিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটাল সিঙ্গাপুর পুলিশ। বুধবার করোনাস আদালতে তদন্তকারীরা স্পষ্ট জানিয়েছেন, তার মৃত্যুর পিছনে কোনও অপরাধমূলক ষড়যন্ত্র ছিল না। তদন্ত অনুযায়ী, গত সেপ্টেম্বরে লাজারাস দ্বীপের কাছে নেশাগ্রস্ত অবস্থায় লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রে নেমেছিলেন তিনি। ময়নাতদন্তের রিপোর্টে জলে ডুবে মৃত্যুকে চিহ্নিত করা হয়েছে এবং উদ্ধারকাজের সময় শরীরের আঘাতগুলো লেগেছিল বলে আদালতকে জানানো হয়েছে।
পুলিশি পরীক্ষায় জুবিনের রক্তে স্বাভাবিকের চেয়ে চারগুণ বেশি অ্যালকোহল পাওয়া গিয়েছে, যা তার শারীরিক ভারসাম্য নষ্ট করেছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি ছোট লাইফ জ্যাকেট পরতে অস্বীকার করে একাই সাঁতার কাটতে শুরু করেন এবং ফেরার সময় নিস্তেজ হয়ে পড়েন। হোটেলের ঘর থেকে একটি আংশিক পূর্ণ হুইস্কির বোতলও উদ্ধার করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর তথ্যে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।