রিল দেখে কোটিপতি হওয়ার স্বপ্নে, বড় বিপদ শেয়ার বাজারে বিনিয়োগের আগে সাবধান হোন

সোশ্যাল মিডিয়ার চটকদার ভিডিও বা ‘ফিন-ইনফ্লুয়েন্সার’দের পরামর্শে রাতারাতি ধনী হওয়ার নেশায় সর্বস্বান্ত হচ্ছেন বহু সাধারণ মানুষ। বিশেষজ্ঞদের মতে, হুজুগে পড়ে বা অন্যের লাভের খতিয়ান দেখে না বুঝে বিনিয়োগ করাই এখন মধ্যবিত্তের বড় সংকটের কারণ। বিশেষ করে লিকুইডিটি বা জরুরি প্রয়োজনে টাকা ফেরত পাওয়ার বিষয়টি মাথায় না রেখে টাকা খাটালে বিপদ অনিবার্য হতে পারে। প্রতিটি মানুষের আয় ও পারিবারিক দায়িত্ব ভিন্ন, তাই অন্ধ অনুকরণ না করে নিজস্ব লক্ষ্য স্থির করা জরুরি।
আর্থিক স্বাধীনতা পেতে কেবল সঞ্চয় নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা ও শৃঙ্খলা। বিনিয়োগের বাজারে প্রচলিত গুজবে কান না দিয়ে নিজের ঝুঁকির ক্ষমতা অনুযায়ী পোর্টফোলিও তৈরি করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইউটিউব বা ইনস্টাগ্রামের চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে প্রয়োজনে পেশাদার আর্থিক উপদেষ্টার সাহায্য নেওয়া উচিত। মনে রাখবেন, চাদর বুঝে পা না ফেললে এবং বাজার সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে হুজুগে বিনিয়োগে লাভের চেয়ে লোকসানের আশঙ্কাই বেশি থাকে।