বৃহস্পতিবার থেকে শুরু রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ, কবে মহাযুদ্ধের ডার্বি?

ভারতের প্রতিভাবান অনূর্ধ্ব-২১ ফুটবলারদের লড়াই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের আঞ্চলিক কোয়ালিফায়ার্স শুরু হচ্ছে বৃহস্পতিবার। কলকাতার কল্যাণী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ডায়মন্ড হারবার এফসি মুখোমুখি হবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের। শুক্রবার নিজেদের অভিযানে নামছে দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ব্যারাকপুরে লাল-হলুদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস এবং গতবারের চ্যাম্পিয়ন সবুজ-বেঙ্গল ফিউচার চ্যাম্পসের বিরুদ্ধে খেলবে।
যুব ফুটবলের এই আসরে আগামী ২৫ জানুয়ারি নৈহাটিতে আয়োজিত হবে হাইভোল্টেজ কলকাতা ডার্বি। দুপুর আড়াইটে থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে রিলায়েন্স ফাউন্ডেশন স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। এছাড়াও লিগ পর্বে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে বড় ম্যাচ খেলবে দুই প্রধান। আইএসএল ও আই লিগের স্কাউটদের নজর টানতে এবং নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছেন বাংলার উঠতি ফুটবল তারকারা।