অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, চণ্ডীতলায় ধৃত ৩ নেপালি-সহ ৭ প্রতারক

অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, চণ্ডীতলায় ধৃত ৩ নেপালি-সহ ৭ প্রতারক

হুগলির চণ্ডীতলায় এক আন্তর্জাতিক অনলাইন বেটিং ও প্রতারণা চক্রের হদিশ পেল পুলিশ। মঙ্গলবার রাতে চণ্ডীতলা থানার আঁইয়া বাঁধপুর এলাকার একটি ভাড়াবাড়িতে হানা দিয়ে তিন নেপালি নাগরিক-সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন এবং দেশি-বিদেশি ক্রেডিট ও ডেবিট কার্ড।

পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় মাস আগে ওই বাড়িটি ভাড়া নিয়েছিল অভিযুক্তরা। নিজেদের গতিবিধি গোপন রাখতে গোটা বাড়িটি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলেছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীতলা থানার ওসি বাপি হালদারের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। ধৃতদের মধ্যে নেপালের বাসিন্দাদের পাশাপাশি উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের যুবকও রয়েছে।

হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কল্যাণ সরকার জানান, ধৃতরা মূলত সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিভিন্ন গেমিং এবং ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারণার জাল বিছিয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্রটি ইতিমধ্যে সাধারণ মানুষের থেকে প্রায় দেড় কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে। আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারের প্রমাণ মেলায় এই চক্রের সঙ্গে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক যোগসূত্রের সম্ভাবনা প্রবল হচ্ছে।

বুধবার ধৃতদের আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এর নেপথ্যে আর কারা রয়েছে, তা জানতে ধৃতদের জেরা শুরু করেছে চণ্ডীতলা থানার পুলিশ।

বাজেয়াপ্ত সরঞ্জাম:

  • একাধিক ল্যাপটপ ও স্মার্টফোন।
  • বেশ কিছু ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড।
  • ভারতীয় বিভিন্ন ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *