ইন্ডিয়া ওপেনে নিরাপত্তার গলদ? গ্যালারিতে ‘বিনামূল্যে’ ম্যাচ দেখল এই বিশেষ অতিথি!

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ধরা পড়ল এক তাজ্জব দৃশ্য। বুধবার সকালে গ্যালারির ওপরের অংশে আচমকাই একটি হনুমানকে ঘুরে বেড়াতে দেখা যায়। দর্শক সংখ্যা কম থাকায় বেশ কিছুক্ষণ আরাম করে খেলা দেখে সে। শুধু মূল স্টেডিয়ামই নয়, কোরিয়ান দলের প্র্যাকটিস কোর্টেও এই বিশেষ অতিথির দেখা মেলে, যা দেখে রীতিমতো তাজ্জব বনে যান উপস্থিত খেলোয়াড় ও কর্মকর্তারা।
এই ঘটনায় টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও খোশমেজাজে ধরা দিয়েছেন শাটলাররা। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন কাং মিন-হিউক হনুমানটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রসিকতা করে জানতে চান, পশুদের প্রবেশ কি ফ্রি? এর আগে এই স্টেডিয়ামে কুকুর ও পায়রার উপদ্রব দেখা গেলেও, হনুমানের এমন ‘ম্যাচ দর্শন’ খেলোয়াড়দের মধ্যে হাসির খোরাক জুগিয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিষয়টি নিয়ে আয়োজক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
its really a freakin monkey????? this cant be serious 😭😭😭😭 https://t.co/XlIgxtJKhS pic.twitter.com/DTKjtA8bQP
— zee (@zhiyiilyy) January 14, 2026