মাঘের শুরুতেই কি শীতের বিদায় ঘণ্টা? আবহাওয়ার মেজাজ বদলে দুশ্চিন্তায় রাজ্যবাসী!
January 15, 20268:56 am

রেকর্ড ভাঙা ঠান্ডার পর রাজ্যজুড়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেই পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থাকলেও কনকনে ঠান্ডার সেই দাপট আর নেই। ‘মাঘের শীত বাঘের গায়ে’ প্রবাদটি এবার ফিকে হওয়ার উপক্রম হওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি সময়ের আগেই বিদায় নিচ্ছে শীত?
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে সতর্কতা জারি করেছে আইএমডি। তবে আগামী রবিবার থেকে ফের হালকা পারদ পতনের সম্ভাবনা থাকলেও আপাতত হাড়কাঁপানো ঠান্ডার প্রত্যাবর্তনের কোনো জোরালো ইঙ্গিত নেই। কুয়াশার কারণে উত্তরবঙ্গের জেলাগুলোতে দৃশ্যমানতা কম থাকায় যাতায়াতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।