অভিনয় নয় সিনেমাতেই খুশি অভিষেক! ‘লক্ষ্মী এলো ঘরে’ দেখে কেন মুগ্ধ তৃণমূল সেনাপতি?

রাজ্য সরকারের ১৫ বছরের জনকল্যাণমূলক কাজের খতিয়ান নিয়ে রাজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘লক্ষ্মী এলো ঘরে’। বুধবার প্রিমিয়ার শো শেষে ছবির ভূয়সী প্রশংসা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সিনেমা দেখতে ভালোবাসলেও নিজে কখনও অভিনয় করবেন না। ৫৫ মিনিটের এই তথ্যচিত্রে কেন্দ্রীয় বঞ্চনা ও রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পের সুফল একটি পরিবারের গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যার চিত্রনাট্যে স্বয়ং অভিষেক পরামর্শ দিয়েছেন।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা অভিনীত এই ছবিতে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ‘উন্নয়নের পাঁচালি’র প্রতিফলন ঘটেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, গত পাঁচ বছরে কেন্দ্র কোনো সহযোগিতা না করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিটি ঘরে পরিষেবাকে পৌঁছে দিয়েছে। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সরকারের এই বিশাল কর্মযজ্ঞের ডকুমেন্টেশন সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।