জুবিন গর্গের মৃত্যু নিছকই দুর্ঘটনা, খুনের তত্ত্ব ওড়াল সিঙ্গাপুর পুলিশ

জুবিন গর্গের মৃত্যু নিছকই দুর্ঘটনা, খুনের তত্ত্ব ওড়াল সিঙ্গাপুর পুলিশ

সিঙ্গাপুর: জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে চলা দীর্ঘ জল্পনার অবসান ঘটল। সিঙ্গাপুর পুলিশ বুধবার আদালতে সাফ জানিয়ে দিয়েছে, জুবিনকে খুন করা হয়নি; বরং অতিরিক্ত মদ্যপান করে সমুদ্রে নামার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। গত ১৯ সেপ্টেম্বর ল্যাজারাস দ্বীপের কাছে ঘটে যাওয়া এই ঘটনায় কোনো অন্তর্ঘাতের প্রমাণ মেলেনি।

আদালতে পেশ করা তদন্ত রিপোর্টে পুলিশ জানিয়েছে, ‘নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়ে বন্ধুদের সঙ্গে ইয়টে সময় কাটাচ্ছিলেন জুবিন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গায়ক নিজেই লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি সুরক্ষা বিধি মানতে চাননি। মাঝ সমুদ্রে সাঁতার কাটার সময় আচমকা অসুস্থ হয়ে তিনি তলিয়ে যান। দ্রুত উদ্ধার করে সিপিআর দেওয়া হলেও শেষরক্ষা হয়নি।

তদন্তকারী অফিসাররা জুবিনের টক্সিকোলজি রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। রিপোর্টে দেখা গেছে:

  • জুবিনের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি ১০০ মিলিলিটারে ৩৩৩ মিলিগ্রাম
  • সিঙ্গাপুরের আইনি বৈধ সীমা মাত্র ৮০ মিলিগ্রাম
  • অতিরিক্ত মদ্যপানের কারণে তাঁর শরীর সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছিল, যার ফলে তিনি সাঁতার কেটে ইয়টে ফিরতে পারেননি।

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, শরীরে থাকা সামান্য আঘাতের চিহ্নগুলো উদ্ধারকার্য বা সিপিআর দেওয়ার সময় তৈরি হয়েছে। গায়কের হোটেল থেকেও প্রায় খালি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। আসাম পুলিশ এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করলেও, সিঙ্গাপুর পুলিশের এই রিপোর্ট খুনের তত্ত্বকে পুরোপুরি নাকচ করে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *