বিজেপির নতুন কমিটিতে বড় রদবদল: এক লহমায় ডানা ছাঁটাই হলো শুভেন্দু-ঘনিষ্ঠ ও লড়াকু নেতাদের?

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জ তালিকা প্রকাশ করল বঙ্গ বিজেপি। তবে এই তালিকায় জায়গা পাননি সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা কিংবা কৌস্তভ বাগচীর মতো পরিচিত মুখেরা। শুভেন্দু-ঘনিষ্ঠ বলে পরিচিত এবং টিভি বিতর্কে সরব এই নেতাদের ব্রাত্য রাখা নিয়ে দলের অন্দরেই শোরগোল শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, লড়াকু নেতাদের বদলে শমীক ভট্টাচার্য নিজের পছন্দের ও অনুগতদের গুরুত্ব দিয়ে নিজের রাশ শক্ত করতে চাইছেন।
অন্যদিকে, নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা ও তাপস রায়ের মতো পুরনো ও অভিজ্ঞ নেতাদের ওপরই ভরসা রেখেছে গেরুয়া শিবির। শিলিগুড়ি থেকে দক্ষিণ কলকাতা— সর্বত্রই অভিজ্ঞদের অগ্রাধিকার দিয়ে ‘রিস্ক-ফ্রি’ থাকার কৌশল নিয়েছে হাইকমান্ড। তবে রাজকমল পাঠক বা সায়ন্তন বসুর মতো পোড়খাওয়া নেতাদের বাদ পড়া নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। লড়াকু মুখদের সরিয়ে কেবল ড্রয়িং রুমের নেতাদের গুরুত্ব দিলে ভোটের লড়াই কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।