মার্কিন ভিসায় কোপ! ইরান-রাশিয়াসহ ৭৫ দেশের পথ বন্ধ করছেন ট্রাম্প?

অভিবাসন নিয়ন্ত্রণে চরম পদক্ষেপ নিতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আগামী ২১ জানুয়ারি থেকে রাশিয়া, ইরান ও আফগানিস্তানসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে পারে। গত নভেম্বরে হোয়াইট হাউসের সামনে এক আফগান নাগরিকের হামলার প্রেক্ষিতেই এই কঠোর সিদ্ধান্তের পথে হাঁটছে ওয়াশিংটন। ট্রাম্পের মতে, আমেরিকার নিরাপত্তা ও অভ্যন্তরীণ ব্যবস্থা পুনরুদ্ধারের স্বার্থে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করা জরুরি।
বিদেশ দপ্তর সূত্রে খবর, নির্দিষ্ট দেশগুলোর মার্কিন দূতাবাসগুলোতে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। এই তালিকায় ব্রাজিল, নাইজেরিয়া ও মিশরের মতো দেশের নাম থাকলেও ভারতের অন্তর্ভুক্তি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। বিশ্লেষকদের মতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে রাশিয়া ও ইরানকে সরাসরি নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।