ইরান: রেজায় আত্মবিশ্বাসী নন ট্রাম্প!

ইরানে কট্টরপন্থা হটিয়ে পরিবর্তনের ডাক দিয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পহেলভি। ওয়াশিংটনের সমর্থন আদায়ের চেষ্টায় তিনি যখন মরিয়া, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পহেলভির নেতৃত্ব নিয়ে ট্রাম্পের গলায় তেমন জোরালো আত্মবিশ্বাস শোনা যায়নি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প পহেলভি প্রসঙ্গে বলেন, “তিনি একজন ভালো মানুষ। তবে ইরানের সাধারণ মানুষ তাঁকে নেতা হিসেবে মেনে নেবেন কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। যদি ইরানের জনগণ তাঁকে গ্রহণ করে, তবে আমার কোনো আপত্তি নেই।”
ট্রাম্পের এই ‘সতর্ক’ অবস্থান কূটনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে পহেলভি যখন আমেরিকার সাহায্য নিয়ে ইরানে পালাবদলের স্বপ্ন দেখছেন, তখন খোদ মার্কিন প্রেসিডেন্টের এমন দোটানা তাঁর রাজনৈতিক ভবিষ্যতের পথে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াল।