আন্টার্কটিকার ২ কিমি বরফের নিচে সাড়ে ৩ কোটি বছরের পুরনো অরণ্য! রোমাঞ্চকর আবিষ্কারে হতবাক বিজ্ঞানীরা

আন্টার্কটিকার সুবিশাল বরফের চাদরের নিচে লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য। সম্প্রতি ডারহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পূর্ব আন্টার্কটিকার উইলকিস ল্যান্ডে বরফের প্রায় দুই কিলোমিটার গভীরে খননকার্য চালিয়ে এক হারিয়ে যাওয়া অরণ্যের সন্ধান পেয়েছেন। উদ্ধারকৃত পলির নমুনায় মিলেছে ৩ কোটি ৪০ লক্ষ বছরের পুরনো গাছের পাতার জীবাশ্ম, পরাগরেণু ও অণুজীব। বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ যেখানে শুধুই বরফ, কোটি কোটি বছর আগে সেখানে ছিল সবুজে ঘেরা এক গভীর বনভূমি ও প্রবহমান নদী।
এই আবিষ্কার প্রমাণ করে যে, আদিম পৃথিবীতে আন্টার্কটিকা মহাদেশটি ছিল মূলত সুপারকন্টিনেন্ট ‘গন্ডোয়ানা’-র অংশ। কৃত্রিম উপগ্রহের রাডার প্রযুক্তিতে সেখানে নদী-উপত্যকার চিহ্নও স্পষ্টভাবে ধরা পড়েছে। গবেষকদের মতে, এটি একটি ‘টাইম ক্যাপসুল’-এর মতো কাজ করছে, যা জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর বিবর্তন বুঝতে সাহায্য করবে। বরফের স্তরের এই প্রাচীন পরিবর্তনগুলো আগামী দিনে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় বিজ্ঞানীদের নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে।