বিসিবি কর্তার মন্তব্যে উত্তাল বাংলাদেশ! টস ছাড়াই পিছিয়ে গেল বিপিএলের ম্যাচ

বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে বিপিএল বয়কট করেছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ও নোয়াখালীর মধ্যকার ম্যাচের টস নির্ধারিত সময়ে হয়নি, কারণ ক্রিকেটাররা মাঠেই আসেননি। খেলোয়াড়দের নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন তামিম-লিটনরা। বিসিবি তদন্তের আশ্বাস দিলেও পরিস্থিতি শান্ত হয়নি, ফলে মাঠের লড়াইয়ের পরিবর্তে এখন অনিশ্চয়তা বিরাজ করছে দেশের ক্রিকেটে।
বিক্ষুব্ধ ক্রিকেটাররা হোটেল ছেড়ে না বের হওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে। কোয়াব সভাপতি মহম্মদ মিঠুন সাফ জানিয়েছেন, অপমানজনক মন্তব্যের জন্য নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেবেন না খেলোয়াড়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের এই সরাসরি সংঘাত এখন দেশের ক্রিকেট মহলে বড় ধরণের সংকট তৈরি করেছে।