অনির্বাণকে কি ফেরানো যাবে না? স্বরূপের ‘ফতোয়া’ উড়িয়ে এবার সরাসরি যুদ্ধে দেব!

টলিউডের অঘোষিত ‘আইন’ কি ভাঙতে চলেছেন দেব? ইন্ডাস্ট্রির অলিখিত নিয়ম ভেঙে স্বরূপ বিশ্বাসের রক্তচক্ষু উপেক্ষা করেই নিজের আসন্ন ছবিতে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে নিচ্ছেন সুপারস্টার। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘দেশু’ জুটির কামব্যাক ছবিতে অনির্বাণকে খলনায়কের চরিত্রে কাস্টিং করে দেব কার্যত তৃণমূলের অন্দরের ক্ষমতার লড়াইকে আরও উসকে দিলেন। ফেডরেশনের ‘নিষেধাজ্ঞা’ অগ্রাহ্য করে দেবের এই সিদ্ধান্ত টলিপাড়ার রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।
ফেডারেশন ও স্ক্রিনিং কমিটির প্রভাব খর্ব করতে দেব এখন সরাসরি চ্যালেঞ্জের পথে। মিঠুন চক্রবর্তীর পর এবার অনির্বাণকে গুরুত্ব দিয়ে দেব স্পষ্ট করে দিলেন, সৃজনশীল কাজে তিনি কারও খবরদারি মানবেন না। শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে স্বরূপের ‘ফতোয়া’ উড়িয়ে দেবের এই সাহসী পদক্ষেপ এখন টলিউডের অন্দরে আলোচনার কেন্দ্রবিন্দু। শেষ পর্যন্ত এই সম্মুখসমরে জয় কার হয় এবং বাংলা ছবির জগতের ক্ষমতার ভরকেন্দ্র বদলায় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।