নন্দীগ্রামে অভিষেকের ‘সেবাশ্রয়’: শুভেন্দুর গড়ে জনসমুদ্রে দাঁড়িয়ে সুচিকিৎসার বড় গ্যারান্টি!

নন্দীগ্রামের মানুষের দীর্ঘদিনের আবেদনে সাড়া দিয়ে খোদামবাড়িতে ‘সেবাশ্রয়’ মডেল ক্যাম্পের সূচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজে উপস্থিত থেকে শিবিরের যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত চলা এই বিশেষ চিকিৎসা শিবিরে উপস্থিত সকলকে উন্নত ও সুনিশ্চিত চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। শহিদ পরিবারের সদস্যদের হাত দিয়ে এই কর্মসূচির উদ্বোধন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
ডায়মন্ড হারবার ও ব্যারাকপুরের সাফল্যের পর নন্দীগ্রামের এই জনসেবামূলক উদ্যোগ ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শুভেন্দু অধিকারীর নির্বাচনী এলাকায় এই বিশাল জনসমাগম বিরোধী শিবিরকে চাপে ফেলেছে বলে গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে উন্নত স্বাস্থ্য পরিষেবার নিশ্চয়তা দিয়ে অভিষেক যে বিশেষ বার্তা দিতে চেয়েছেন, তা নন্দীগ্রামের মাটিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।