আইপ্যাক কাণ্ডে বড় মোড়, ইডি কর্তাদের বিরুদ্ধে এফআইআরে সুপ্রিম স্থগিতাদেশ

আইপ্যাক কাণ্ডে রাজ্য সরকারের বড় ধাক্কা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ এই বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করেছে। আদালতের নির্দেশে আইপ্যাক অফিস ও ডিরেক্টর প্রতীক জৈনের বাসভবনসহ সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ কোনো পরিবর্তন ছাড়াই সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনারসহ একাধিক শীর্ষকর্তার বিরুদ্ধে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। আগামী ৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে এবং ততক্ষণ স্থগিতাদেশ বহাল থাকবে। ইডির কাজে বাধা দেওয়ার অভিযোগকে আইনের শাসনের ওপর আঘাত হিসেবে দেখছে আদালত। তৃণমূলের মামলাটি কলকাতা হাইকোর্টে পাঠানোর আবেদনও খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টেই এর শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।