রেলের রুপোর পদক রাতারাতি হয়ে গেল তামা, অবসরের সম্মান নিয়ে তুঘলকি কাণ্ড

রেলের দীর্ঘ কর্মজীবন শেষে পাওয়া গর্বের রুপোর পদক কি আসলে তামার? পশ্চিম-মধ্য রেলের অবসরপ্রাপ্ত কর্মী টিকে গৌতমের এমন বিস্ফোরক অভিযোগেই তোলপাড় শুরু হয়েছে। গবেষণাগারে পরীক্ষায় দেখা গেছে, যে পদকটিকে ৯৯ শতাংশ রুপোর বলা হয়েছিল, তাতে রুপোর পরিমাণ মাত্র ০.২৩ শতাংশ। ইনদওরের একটি সংস্থাকে দেওয়া ৩৬৪০টি পদকের বরাতে এই বিশাল দুর্নীতির প্রমাণ মেলায় ক্ষোভে ফুঁসছেন প্রতারিত প্রাক্তন কর্মীরা।
পুরো ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। এই কেলেঙ্কারির তদন্তে নেমে ভিজিল্যান্স দফতর জানতে পেরেছে, সোনার জল করা তামার পদক দিয়েই সম্মান জানানো হচ্ছিল কর্মীদের। মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তব জানিয়েছেন, পদক তৈরিতে বড়সড় দুর্নীতি হয়েছে এবং ইতিম্যধ্যেই ভোপালে এফআইআর দায়ের করা হয়েছে। আজীবনের পরিশ্রমের স্বীকৃতিতে এমন জালিয়াতি রেলের ভাবমূর্তিকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।